ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ছয় দফা দাবি জানিয়েছে ইন্তিফাদা বাংলাদেশ নামের একটি সংগঠন। সংগঠনটি দাবি করেছে— ইসকনসহ যেকোনো সংগঠনের ভূমিকা বা অর্থনৈতিক অংশগ্রহণ যদি অপরাধ সংঘটন বা অপরাধে সহায়তার সঙ্গে যুক্ত প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রয়োজন হলে সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করতে হবে।


সমাবেশে সংগঠনের সদস্য আহমেদ রফিক বলেন, “মুসলিম নারীকে ধর্ষণের ঘটনা গর্ব করে প্রকাশ করা হয়, খতিব ইসকনের বিরুদ্ধে কথা বলায় তাকে অপহরণ করে শিকলে বেঁধে হত্যা করা হয়— অথচ রাষ্ট্র নীরব থাকে। প্রশাসন অপরাধীদের রক্ষায় ব্যস্ত, সুশীল সমাজ নীরব, রাজনীতিবিদরা নিজেদের ইমেজ নিয়ে ব্যস্ত।”


তিনি আরও অভিযোগ করেন, “যখন কোরআন ও রসূল (সা.)-এর অবমাননা হয়, মুসলিম নারীর ইজ্জত লুণ্ঠিত হয়, তখন ইসলামী রাজনীতির দাবিদাররা মুখ খোলেন না। বরং সম্প্রীতির নাম করে মন্দির পাহারার কথা বলেন, কিন্তু মুসলিম নারীর নিরাপত্তা নিয়ে নীরব থাকেন। এই নীরবতাও অপরাধের অংশ।”


আহমেদ রফিক বলেন, “আমরা পশ্চিমা বা দূতাবাসের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত নই। আল্লাহর বিচারের ভয় আমাদের সামনে সবচেয়ে বড় বাস্তবতা। কাঠামোগত ইসলামবিদ্বেষের এই প্রবণতা বন্ধ না হলে মুসলমান সমাজ ন্যায়ের পথে দাঁড়াতে পারবে না।”


সংগঠনটির অন্য পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—

১. গাজীপুর ধর্ষণ ঘটনার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট পুলিশ বিভাগের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করা;

২. টঙ্গী এলাকায় অপহরণ-হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান;

৩. রাষ্ট্রীয় পর্যায়ে “কাঠামোগত ইসলামবিদ্বেষ” রোধে জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন;

৪. মুসলিম নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় আইনি কাঠামো ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন;

৫. ইসলামবিদ্বেষবিরোধী কার্যক্রমে জড়িত ইমাম, নাগরিক ও সংগঠনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।


সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে অগ্রসর হন।

ads
ads
ads

Our Facebook Page

↑